লক্ষ্মীপুরের কমলনগরে বনফুল এন্ড কোং এর মোড়ক নকল করে কারখানা গড়ে উঠেছে। বনফুলের নকল মোড়ক ও বিএসটিআই এর রেজিঃ নাম্বার ব্যবহার করে সেমাইসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে সম্রাট ফুড প্রডাক্টস নামের ভুইফোড় প্রতিষ্ঠান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যানিটারি বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আয়কর বিভাগ, বিএসটিআই’র, বাণিজ্য মন্ত্রণালয়ের কোন অনুমোদন নেই তবুও এ কারখানায় উৎপাদিত পণ্যতে বিএসটিআই’র লগো লাগিয়ে বাজারজাত করছে। পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, ব্যাচ নাম্বার কোন কিছুই নেই অথচ প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে এ কারখানা এবং দেদারচে বিক্রি ও বাজারজাত করছে।
স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, সম্রাট ফুড প্রোডাক্টসের নামে কারখানা দিয়ে নিম্নমানের খাদ্য সামগ্রী তৈরি করে দেশের নামিদামি প্রতিষ্ঠানের নকল লগো ব্যবহার করে দেদারছে বিক্রি করছে। গত শুক্রবার কারখানায় গিয়ে দেখা যায়, নোংরা পরিবেশ ও নিম্নমানের কাচাঁমাল দিয়ে এসব পণ্য তৈরি হচ্ছে।
উপজেলা নিরাপদ পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মিজানুর রহমান জানান, আমাদের কাছ থেকে সম্রাট ফুড ফোডাক্টস কারখানার কোনো অনুমোদন নেয়নি।
এ ব্যাপারে সম্রাট ফুড প্রোডাক্টস এর মালিক গিয়াস আহমেদ সম্রাট অনুমোদনের কথা বললেও তা দেখাতে পারেন নাই। তিনি বনফুলের লেভেল ও মোড়ক লাগিয়ে তা বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলে জানান, রমজানে প্রতিবছর কিছু সেমাই বিতরণ করি এজন্য এ লেভেল লাগিয়েছি। এছাড়া তিনি জানান, প্রশাসন ও সরকার দলীয় লোক তার সঙ্গে আছেন।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার জানান, এ ধরনের একটি নকল কারখানা গড়ে উঠেছে তা জানতে পেরেছি। শিগগির পরিদর্শনে যাব।
