ঝিনাইগাতী সীমান্তে অস্ত্রসহ ২ আদিবাসী গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:২৫
 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তে গজনী উলফা আস্তানা থেকে শেরপুরের এনএসআই ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেডসহ দুই আদিবাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গজনী গ্রামের মৃত নগেন্দ্র সাংমার ছেলে সৃষ্ট মারাক (৪০) ও মৃত জাকুব মারাকের ছেলে অনুকুল সাংমা (৫৫)। 
 
জানা গেছে, সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মো. সজীব খান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ডিবি পুলিশ ও এনএসআই’র যৌথ উদ্যোগে উলফা আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ২ আদিবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, একটি তাজা গ্রেনেড ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। 
 
শেরপুরের ডিবি পুলিশের এসআই মো. সজীব খান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।