শেরপুরে গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৩৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গ্রেনেড, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 
 
রবিবার সকালে সীমান্তবর্তী বড় গজনী এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ অভিযান চালায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার গোলাবারুদের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি তাজা গ্রেনেড, পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুইটি ম্যাগজিন।
 
গ্রেফতারকৃত হলেন- বড় গজনীর নরেন্দ্র সাংমার ছেলে সিসটো মারাক (৪০) ও জাকোব মারাকের ছেলে অনুকূল সাংমা (৫৫)।
 
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল পৌনে ১০টার দিকে বড় গজনী এলাকায় সিসটো মারাকের বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো ওই অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।