নিসে ট্রাক হামলার ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৪৫
ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের ওপর ট্রাক হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিউনিসিয়ার বংশোদ্ভূত মোহাম্মদ লাহুয়েইজ-বুহলেল ওই ট্রাক হামলা চালায়। এ ঘটনায় তার স্ত্রীসহ পাঁচ জন ইতোমধ্যে কারাগারে রয়েছেন।
 
ইতোমধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। তবে হামলাকারীর সঙ্গে চরমপন্থার স্পষ্টত কোন সম্পর্ক না থাকলেও হামলার পরপরই তাকে উগ্রপন্থী বলা হয়েছিল।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন।
 
প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন।  তার মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে।