'যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া জঙ্গিদের মদদ দিচ্ছে'

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৯:৩১
শ্রমিক কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার কমিটি আহ্বায়ক এবং নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদদ দিচ্ছে।'
 
বেগম জিয়ার উদ্দেশে তিনি বলেন, 'কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। জঙ্গিদের মদদ দিয়ে আগুনের বোমা নিক্ষেপের নির্দেশ দিয়ে ক্ষমতায় যেতে পারবেন না।' মন্ত্রী রবিবার গুলশানের হোটেল হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশী-বিদেশী নিহতদের স্মরণে রেস্তোরাটির সামনে রাস্তায় এক সভায় এ কথা বলেন।
 
এ সময় হোটেলটির সামনের রাস্তায় নিহতের স্মরণে অস্থায়ী বেদীতে মন্ত্রীসহ অসংখ্য লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা সংসদের সহ সভাপতি ইসমত কাদির গামা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ বিচার কমিটির সদস্য সচিব ওসমান আলী, বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া,অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমূখ।
 
শাজাহান খান বলেন, 'যারা নির্বিচারে মানুষ হত্যা করছে তারা জঙ্গি নয় ,তারা জংলী ছাড়া আর কিছু নয়। এই জংলীদের রুখতে হবে। ৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি। তখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জিতে ছিলাম। এই জঙ্গি বিরোধী যুদ্ধে আমরাই জিতবো।'
 
মন্ত্রী বলেন, 'জঙ্গিরা কৌশল পাল্টিয়েছে। মানুষ যখন তারাবী নামাজ পড়ে অথবা ঈদে মাঠে নামাজ পরতে যায় ঠিক তখন তারা সাধারণ মানুষের উপর হামালা চালায়। পেট্রোল বোমা হামলাকারীকে যখন ঘরে উঠিয়ে দিয়েছি ঠিক তেমনি জঙ্গিদের ছাড় দেয়া হবেনা। এ সকল জঙ্গিদের মদত দিচ্ছে বিএনপি ও জামাত শিবির।'