ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কাজ করার অভিযোগে গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বয়ক আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু শনিবার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বকুল বলেন, সংবাদ বিজ্ঞপ্তিতে আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য আজিজুল হকের মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপির মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। সোমবার এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
