ইনজুরির কারণে দল নির্বাচনে বিপাকে জয়সুরিয়া

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:০০
একের পর এক ইনজুরির কারণে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনে হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘খেলোয়াড়দের ইনজুরির কারণে ভারসাম্যপূর্ণ দল নির্বাচন কঠিন হয়ে যাচ্ছে।’
 
ইনজুরি যেন ঘিরে ধরেছে শ্রীলঙ্কান খেলোয়াড়দের। বর্তমানে ইনজুরিতে ভুগছেন দলের গুরুত্বপূর্ণ তিন তারকা পেসার ধাম্মিকা প্রসাদ, দুসমন্ত চামিরা ও সুরাঙ্গা লাকমল। তাই পেস আক্রমণে যেন একেবাড়েই নড়বড়ে লঙ্কানরা। এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল সাজাতেও কষ্ট হচ্ছে শ্রীলংকার নির্বাচকদের। 
 
এ ব্যাপারে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক জয়সুরিয়া বলেন, ‘ইনজুরির কারণে সেরা দল ঠিক করা যাচ্ছে না। দল নির্বাচন করাটাই এখন কঠিন একটি কাজ। তারপরও আমরা সেরা স্কোয়াড দাঁড় করানোর চেষ্টা করবো। আমি আশা করছি, যাদেরকে দলে নেয়া হবে তারা সেরা পারফরমেন্সই প্রদর্শন করবে।’
 
ইনজুরির কারণে অভিজ্ঞ খেলোয়াড়দের না নিতে পারলে শ্রীলংকা ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন জয়সুরিয়া। 
 
তিনি বলেন, ‘ইংল্যান্ডে মাটিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করায় আমি খুশি । জাতীয় দলে সুযোগ পেলে এখানেও তারা ভালো পারফরমেন্স করবে বলে আশা করছি। চার-পাঁচজন খেলোয়াড়দের পারফরমেন্সের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। দুই পেসার বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দো এবং দুই ব্যাটসম্যান ধনঞ্জয়া ও রোশান সিলভার পারফরমেন্স আমাদের নজর কেড়েছে।’
 
আগামী ২৬ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে শ্রীলংকা-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।