বুন্দেস লিগার উদ্বোধনী পর্বে বায়ার্ন মিউনিখ দলের হয়ে মাঠে থাকতে পারছেন না দলের তারকা ফুটবলার আরিয়েন রোবেন। কুচকির ইনজুরির কারণে আগামী ৬ সপ্তাহের জন্য সাইডলাইনেই বসে থাকতে হবে তাকে।
ক্লাবের হয়ে মৌসুমের প্রথম প্রীতি ম্যাচেই এই ইনজুরি গ্রাস করেছে রোবেনকে। কোচ কার্লো আনচেলত্তির তত্ত্বাবধানে শনিবার প্রথম ম্যাচটি খেলতে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। লিপস্তাদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ৪-৩ গোলে জয়লাভ করে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের শুরুতেই রোবেন নিজে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন দলকে। ম্যাচের ৩৬তম মিনিটেই ইনজুরির কবলে পড়েন ৩২ বছর বয়সী রোবেন। তাৎক্ষণিকভাবেই মাঠের বাইরে চলে যান তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বায়ার্ন জানায়, ডান পায়ের ইনজুরিতে পড়েছেন এ ফুটবল তারকার। ক্লাবের মেডিকেল ইউনিট তার ওই পায়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী আনুমানিক ছয় সপ্তাহ সাইডলাইনে কাটাতে হবে রোবেনকে।
এর ফলে আগামী ২৭ আগস্ট পর্যন্ত ক্লাবের মৌসুম-পূর্ব কোন ম্যাচেই অংশ নিতে পারছেন না এই তারকা ফুটবলার। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ডিএফএল সুপার কাপ এবং ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচেও অংশ নিতে পারবেননা তিনি।
উল্লেখ্য ২০১৫-১৬ মৌসুমেরও বেশীর ভাগ সময় ইনজুরিতে কাটাতে হয়েছে রোবেনকে। এ সময় ক্লাবের হয়ে মাত্র ১৫টি লীগ ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছেন তিনি। গোল.কম।
