শঙ্কা কাটিয়ে স্বস্তিতে মাহফিজুর

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২০:৫৭
রিও অলিম্পিকের আগে ইনজুরি নিয়ে দুর্ভাবনায় পড়েছিলেন সাতারু মাহফিজুর রহমান সাগর। তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করে তিনি এখন অনেকটাই স্বস্তিতে।
 
চোট পরীক্ষার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জ্যেষ্ঠ চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নিতে অন্তত সমস্যায় পড়তে হবে না মাগরকে। তার ইনজুরির যে ধরন তাতে বেশি দূরত্বের সাঁতারেই কেবল সমস্যাটা হতে পারে। স্প্রিন্টের ক্ষেত্রে তা হবে না।
এ মুহূর্তে মাহফিজুর পুরোদমে অনুশীলন করতে না পারলেও পরবর্তী সাত দিনের মধ্যে তা শুরু করতে পারবেন বলে আশা দেবাশীষের।
 
তিনি বলেন, কিছু ব্যায়াম দেয়া হয়েছে, সঙ্গে ফিজিওথেরাপি চলবে। আশা করছি এক সপ্তাহের মধ্যে ওর কাঁধের ব্যথা অনেকখানি কমে আসবে, তাতে অনুশীলনের মাত্রাও বাড়াতে পারবে। 
থাইল্যান্ডের ক্যাম্পে থেকেই হংকং ওপেনের আগে অতিরিক্ত অনুশীলন করে কাঁধের ইনজুরিটা নিজেই ডেকে এনেছেন মাহফিজুর। সেই মিটেও তিনি ভালো করতে পারেননি, অথচ আগের মিট থাই ওপেনেই সোনা জিতেছিলেন ২০০ মিটার ফ্রিস্টাইলে। ৫০ মিটারে করেছিলেন নিজের ক্যারিয়ার সেরা টাইমিং। অলিম্পিকেও ৫০ মিটারেই সাঁতরাবেন দেশসেরা এই স্বল্পপাল্লার সাঁতারু।