ট্রাইব্যুনালে জামালপুরের ২ আসামি

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১১:২৭
 
একাত্তরের মানবাতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে থাকা দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে। সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে নেয়া হয়। এই মামলার আরো ছয় আসামি পলাতক রয়েছেন। 
 
এই দুই আসামি হলেন- অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন ও মো. আবুল হাশেম পলাতক রয়েছেন। 
 
রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক জানিয়েছেন, সকাল নয়টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর তাদের হাজতখানায় রাখা হয়।
 
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাটের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে।
 
যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।