বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বীর কন্যা প্রীতিলতার জীবনী নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে। এবার এই কথা সাহিত্যিক যুক্ত হলেন ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে।
'প্রীতিলতা'র পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করবেন সেলিনা হোসেন, জানিয়েছেন ছবির নির্মাতা। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি নির্মাণ করবেন রাশিদ পলাশ।
এ নিয়ে সেলিনা হোসেন বলেন, 'বাংলাদেশে আমিই প্রথম প্রীতিলতাকে নিয়ে উপন্যাস লিখি। প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, এটা শুনেই ভালো লাগছে। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো এ ছবিটির সঙ্গে থাকার।'
ব্লাকবোর্ড এবং রেওনেক্স ছবিটির প্রযোজনা করছে। সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
