সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানা সহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আজ সোমবার এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ব্যাপক আলোচিত হত্যা মামলাটির বিচার কাজ শুরু হল। ঢাকা জেলা আদালত জজ এস এম কুদ্দুস জামান অভিযোগ গঠন করেন।
মামলার আসামিদের মধ্যে ছয়জন কারাগারে, ২৩ জন জামিনে এবং ১২ জন পলাতক রয়েছেন।
গত বছর ২১ ডিসেম্বর এ মামলার ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে ২৩ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বিভিন্ন সময়ে কয়েকজন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিভিন্ন সময় তারা আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন আহত হন। তদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে ৭৮ জন।
