ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্টে ১০ উইকেট দখল করে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ ইংল্যান্ডের বিপক্ষে দলকে দারুণ জয় এনে দিয়েছেন। সোমবার ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে তার স্পিন নৈপুণ্যেই ৭৫ রানের জয় পায় পাকিস্তানিরা।
চলতি বছরের শুরুতে ড্রাগ টেস্টে ধরা পড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ৩০ বছর বয়সী শাহ। কিন্তু ঐ সময় তিনি জানিয়েছিলেন ভুল করে স্ত্রীর উচ্চ রক্তচাপের ঔষুধ তিনি সেবন করেছিলেন।
তবে সেই পরিস্থিতি পিছনে ফেলে দলে ফিরেই নিজেকে আরেকবার প্রমাণ করলেন এই স্পিনার। পাকিস্তানের হয়ে মাত্র ১৩ ম্যাচ খেলে ইতোমধ্যেই ২৩ গড়ে নিয়েছেন ৮৬টি উইকেট।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট, সব মিলিয়ে পুরো টেস্টে ম্যাচ সেরা এই বোলার ১৪১ রানে দখল করেছেন ১০ উইকেট।
১৯৭৪ সালে ইংলিশ বোলার ডেরেক আন্ডারউডের পরে এই প্রথম লর্ডসে কোন টেস্ট ম্যাচে কোন স্পিনার ১০ উইকেট দখলের কৃতিত্ব দেখালেন। সব মিলিয়ে এই সংখ্যা ষষ্ঠ।
লর্ডসে টেস্ট ম্যাচে ১০ উইকেট দখল করা স্পিনারদের তালিকা :
| খেলোয়াড় | ওভার | রান | প্রতিপক্ষ | সাল |
| জনি ব্রিগস (ইংল্যান্ড) | ১১ | ৭৪ | অস্ট্রেলিয়া | ১৮৮৬ |
| হেডলি ভারিটি (ইংল্যান্ড) | ১৫ | ১০৪ | অস্ট্রেলিয়া | ১৯৩৪ |
| সনি রামাদিন (ও:ইন্ডিজ) | ১১ | ১৫২ | ইংল্যান্ড | ১৯৫০ |
| রয় টাটারসাল (ইংল্যান্ড) | ১২ | ১০১ | দ:আফ্রিকা | ১৯৫১ |
| ডেরেক আন্ডারউড (ইংল্যান্ড) | ১১ | ৭০ | নিউজিল্যান্ড | ১৯৬৯ |
| ইয়াসির শাহ (পাকিস্তান) | ১০ | ১৪১ | ইংল্যান্ড | ২০১৬ |
