দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লাল বলের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেয়াটাই দলের জন্য বড় চ্যালেঞ্জের মনে করছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া দল।
খাজা বলেন, ‘দীর্ঘদিন আমরা টেস্ট ক্রিকেট খেলিনি। লম্বা বিরতির পর শ্রীলংকার বিপক্ষে আমরা লাল বলের ক্রিকেট খেলতে নামছি। সুতরাং এই মুহূর্তে লংগার ভার্সনে মনিয়ে নেয়াটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে পাঁচদিন মাঠে থাকতে হবে। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ভার্সন। আমাদের শারিরীক ও মানসিকভাবে এর সঙ্গে মানিয়ে নিতে হবে। পাঁচদিন মাঠে থাকা বিশেষ করে এই গরমে খুবই কঠিন।’
তিনি বলেন, ‘দীর্ঘ সময় যাবত আমরা সীমিত ওভারের ক্রিকেট খেলেছি। তবে প্রকৃত অর্থেই আমি সাদা বলের ক্রিকেট খেলা উপভোগ করেছি। এখন টেস্ট উপভোগ করতে এবং ভিন্ন কিছু করতে এসেছি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর অস্ট্রেলিয়া টি-২০ খেলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। খেলেছে টি-২০ বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তবে ক্যারিবীয় মাটিতে ত্রিদেশীয় সিরিজ না খেলা খাজার মতে, শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজে অত্যধিক গরমও একটা সমস্যা হতে পারে।
তিনি বলেন, ‘এখানে আবহাওয়া বড় একটা চ্যালেঞ্জ। অত্যন্ত গরম ও আর্দ্র। ওয়েস্ট ইন্ডিজও ভারতের চেয়ে এখানকার আবহাওয়া ভিন্ন। ওই সকল দেশে আপনি একবার রান করা শুরু করতে পারলে আপনি স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন।’
আগামী ২৬ জুলাই পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী অস্ট্রেলিয়া। গল এবং কলম্বো টেস্টের পর সিমিত ওভারের সিরিজ খেলবে দল দু’টি।
