রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাননি আসলাম চৌধুরী

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:২৩
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাননি বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী। জামিন চেয়ে তার করা আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
গত ২৬ মে নগরীর গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে পুলিশ। দন্ড্লবিধির ১২০/বি (রাজনৈতিক ষড়যন্ত্র), ১২১/এ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র) এবং ১২৪/এ (রাষ্ট্রদ্রোহ) ধরায় মামলাটি করা হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী প্রথম ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বাকি দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড।
 
এই মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয় নিন্ম আদালত। পরে তিনি হাইকোর্টে জামিন চান। আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম শুনানি করেন। শুনানি শেষে হাইকেতার্ট জামিন দিতে অপরাগতা প্রকাশ করেন। পরে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
 

প্রসঙ্গত, মহানগর গোয়েন্দা পুলিশ  গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত ৩০০ ফুট রাস্তা থেকে  বিএনপির নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার করে।