পূর্ব লাদাখে সেনা বাড়াচ্ছে ভারত

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:৫৯
পূর্ব লাদাখে সেনা বাড়াচ্ছে ভারত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চীন সীমান্তবর্তী অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এবং বাঙ্কারের সংখ্যাও দ্রুত বাড়ানো হচ্ছে। রাস্তাঘাট, নতুন বিমান ঘাঁটি এবং টহলদারি বাড়িয়ে পূর্ব লাদাখকে দুর্ভেদ্য করে তোলার প্রক্রিয়া প্রায় শেষ পথে। সীমান্তের অন্য পাশ চীন এই ধরনের সামরিক প্রস্তুতি অনেক আগেই সেরে ফেলেছে।
 
লাদাখ এবং অরুণাচল প্রদেশে ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা দীর্ঘ দিনের। ভারতের নিয়ন্ত্রণে যে অংশ রয়েছে, তার অনেকটাকেই চীন নিজেদের বলে দাবি করে। তাই দুই দেশের মধ্যে কোনো স্থায়ী সীমান্ত এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)কে সীমানা হিসেবে মেনে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সেনা টহলদারি চালায়।
 
১৯৬২ সালে এই সীমান্ত বিরোধ থেকে যুদ্ধে জড়িয়ে পড়েছিল চীন-ভারত। ভারতের তরফে সে সময় লাদাখ বা অরুণাচলে সামরিক প্রস্তুতি বলতে প্রায় কিছুই ছিল না। ফলে চীনা বাহিনী ভারতের অনেকটা ভেতরে ঢুকে পড়েছিল।