খালেদা জিয়া জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপণ করেছেন: হাছান মাহমুদ

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৫:৩১
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলে জাতির সাথে বেঈমানি করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপণ করেছেন। এখন জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলে জাতির সাথে বেঈমানী করছেন।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, জামায়াত-শিবির, রাজাকার, আলবদর সেদিন হানাদার পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে মিলে গণহত্যা, নারী ধর্ষণ, বুদ্ধিজীবী হত্যার মত জঘন্য-বর্বর ঘটনার জন্য দায়ী। এখন সেসব দুর্বৃত্তদেরই নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। তার সঙ্গে কিসের সংলাপ, কিসের ঐক্য।
 
তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক। এ ধরনের হত্যাকান্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। দেশের অগ্রগতি, শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।-বাসস।