নতুন মৌসুমকে সামনে রেখে আর্সেনালের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন জার্মান তারকা পার মারটেসাকার। ক্লাবে বর্তমানে অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে রয়েছেন ৩১ বছর বয়সী এই জার্মান তারকা।
মিকেল আরটেটটার অবসরের সিদ্ধান্তের কারণে অধিনায়কের দায়িত্ব মারটেসাকারের ওপর পড়ারই সুযোগ বেশি। আরটেটা অবসরের পরে ম্যানচেস্টার সিটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
মারটেসাকারের ডেপুটি হিসেবে সেন্ট্রাল ডিফেন্ডোর লরেন্ট কোসিনলির সুযোগ বেশি। এই দুজন কখনো মাঠে না থাকলে তাদের স্থলাভিষিক্ত হতে পারেন পিটার চে ও থিও ওয়ালকট। আগামী মৌসুমে গানার্সদের সাথে চুক্তি শেষ হয়ে গেলেও মাঠে অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবেই সকলের মাঝে থাকেন মারটেসাকার।
তার সাথে চুক্তি নবায়নের বিষয়টি এখনো আলোচনার মধ্যে আছে বলে ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন। নাপোলি তারকা গঞ্জালো হিগুয়েইনকে পাবার আশা শেষ হয়ে যাওয়ায় ওয়েঙ্গার ফরোয়ার্ড লাইনে অন্য কোন তারকাকে দলভূক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন।
