১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী ভারতীয় দলকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। আর হিন্দী ভাষায় নির্মিতব্য এই চলচ্চিত্রের পিছনে মূল কারিগর হিসেবে কাজ করবেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব।
ঐতিহাসিক এই জয়কে এখনো ভারতীয় ক্রিকেটের উত্থানের পিছনে মূল অনুপ্রেরণা হিসেবে মনে করা হয়। ফ্যানটম ফিল্মসের ব্যানারে আগামী বছর চলচ্চিত্রটি ভারতসহ সারা বিশ্বের বিভিন্ন পেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
আর এই পরিকল্পনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেলেব্রেটি ক্রিকেট লীগ (সিসিএল) এর প্রতিষ্ঠাতা বিষ্ণু ইন্দুরি। নির্মাতা প্রতিষ্ঠানের এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলটির সাফল্য যাত্রা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য ১৯৮৩ সালের দলটির সদস্যদের সাথে একটি এমওইউ স্বাক্ষর করা হয়েছে।
এমওইউ অনুযায়ী চলচ্চিত্রটিতে দলের সদস্যদের প্রকৃত নাম দিয়েই চরিত্রগুলো ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ সম্পর্কে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব বলেন, ১৯৮৩ সালের দলটির গল্প এটাই প্রমান করে যে লক্ষ্য থাকলে সকলের পক্ষেই যেকোন কিছু অর্জন করা সম্ভব, বিশ্ব যাই মনে করুক না কেন। এনডিটিভি
