নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম নিয়ন্ত্রিত বর্নো প্রদেশে প্রায় আড়াই রাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। যদি এখনই প্রয়োজনীয় চিকিত্সা এবং মানবিক সহায়তা না পৌঁছে, তাহলে প্রতিদিন গড়ে ১৩৪ জন শিশু মারা যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটির পশ্চিম ও মধ্য আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেন, শিগগির যথাযথ চিকিত্সা না পেলে হাজার হাজার শিশুর প্রাণহানি ঘটবে। ক্ষুধার কষ্টে প্রতি পাঁচ জনে এক জন মারা যাবে।
ইউনিসেফ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর মানবিক সহায়তা প্রয়োজন। অপুষ্টি সেখানে যেন বাসা বেধে ফেলেছে। এতে আরো বলা হয়, দুই লাখ ৪৪ হাজার শিশুর মধ্যে ভয়াবহ অপুষ্টি দেখা দিয়েছে। শুধু তাই নয় শরণার্থী শিবিরগুলোর শিশুরা অসম্ভব ভয়ের মধ্য দিয়ে বাস করছে।
তিনি আরো বলেন, অপুষ্টির করাল গ্রাসে প্রতিদিন গড়ে প্রায় ১৩৪ জন মারা যাবে। তাই এসব শিশুদের মৃত্যু মোকাবেলা ও পরিস্থিতি উন্নয়নে সকল অংশীদার ও দাতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। মূলত প্রদেশটি বোকো হারাম নিয়ন্ত্রিত হওয়ায় মানুষগুলোকে খাদ্য, পানি অথবা স্যানিটেশন সুবিধা দেওয়া হয় না। গত মাসে এক দাতব্য প্রতিষ্ঠান জানিয়েছে, জঙ্গিদের হাতে আটক থাকা লোকজন ক্ষুধার জ্বালায় পালিয়ে যাচ্ছে। সূত্র: বিবিসি
