বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এম আখতারুজ্জামান আর নেই

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:১৬
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের (এমএমসি) ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম আখতারুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 
 
মঙ্গলবার সকাল ১১টায় তিনি রাজধানীর এমএমসি'তে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
 
তিনি স্ত্রী, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক জামানের মৃত্যুতে চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।
 
তার নামাজের জানাজা মঙ্গলবার বাদ আসর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
 
১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ডা. এম আখতারুজ্জামান জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় প্রথম হন। ১৯৭২ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ১৯৬৫-১৯৭০ সাল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ও মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
 
দেশ-বিদেশে প্রায় ৩৫টি জার্নালে তার প্রকাশনা রয়েছে। ডা. আখতারুজ্জামান ২০০৩ সালে অতীশ দীপঙ্কর স্কলার অ্যাওয়ার্ড এবং চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে দেশবন্ধু সি.আর দাস স্বর্ণপদক লাভ করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আজীবন সদস্য ছিলেন।