জার্মানিতে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলাকারী ১৭ বছর বয়সী আফগান কিশোর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ছিল। সোমবার ভুর্সবুর্গে ট্রেনে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করার পর হামলাকারী কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।
আইএস এর সংবাদ সংস্থা আমাক দাবি করেছে, এই কিশোর একজন আইএস ‘যোদ্ধা’। অপরদিকে এই কিশোরের ঘরে আইএস রাষ্ট্রের একটি আঁকা পতাকা পাওয়া গেছে।
১৭ বছর বয়সী ওই কিশোর কেন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জার্মান সংবাদমাধ্যম লিখেছে, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে সে যাত্রীদের ওপর চড়াও হয়। হামলায় প্রাথমিকভাবে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে দেখা যায়, তাদের মধ্যে তিনজন গুরুতর আহত এবং একজন সামান্য জখম হয়েছেন।
জার্মান পুলিশের মুখপাত্র জানান, ট্রয়েসলিঙ্গেন থেকে আসা ট্রেনটি ভুর্সবুর্গে পৌঁছানোর পর পরই ওই কিশোর ছুরি আর কুড়াল নিয়ে হামলা করে। যাত্রীদের আহত করে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে এবং পরে গুলি চালায়।
ফ্রান্সের নিস শহরে গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানির পর প্রতিবেশী দেশ জার্মানির নাগরিকদের শঙ্কার মধ্যেই এ ঘটনা ঘটল।
