বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলু ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রয়াত এই সংগঠকের নামে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে, ‘দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট-২০১৬।
ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতার ২০, ২১ ও ২২ জুলাই হবে গ্রুপপর্বের খেলা। ২৪ ও ২৫ জুলাই হবে সেমিফাইনাল। আর ২৭ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।
মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয় দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্টে ৬টি দল অংশ নিবে। তাদেরকে দুটি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। সেখান থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। আর সেমিফাইনাল থেকে দুটি দল উঠবে ফাইনালে। এক দলে ৮ জন করে খেলোয়াড় থাকবেন। তার মধ্যে ৫ জন খেলার সুযোগ পাবেন। এই টুর্নামেন্টে কেবল হকির আম্পায়াররাই খেলার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোহাম্মদ মোতাহার হোসেন, দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্টের সেক্রেটারি কামরুল ইসলাম কিসমতসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ ও মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে রয়েছে সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দা হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার আপ দল ৮ হাজার টাকা পাবে। এ ছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেওয়া হবে।
