কন্যাসন্তান হলে খরচ দেবে হাসপাতাল কর্তৃপক্ষ!

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:৫৬
নারী-পুরুষের অনুপাতে ভারসাম্য আনতে উদ্যোগী হল ভারতের আহমেদাবাদের একটি হাসপাতাল। সেখানে কেউ কন্যাসন্তানের জন্ম দিলে, সে সংক্রান্ত সমস্ত খরচ বহন করবেন হাসপাতাল কর্তৃপক্ষই।
 
আহমেদাবাদের সিন্ধু সেবা সমাজ হাসপাতালের এমন উদ্যোগে সাড়া পড়েছে গুজরাট জুড়ে।
 
এই মুহূর্তে গুজরাটে প্রতি হাজার জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা মাত্র ৮৯০ জন। কন্যাভ্রূণ হত্যা রুখতে এবং কন্যাসন্তানের জন্মে উৎসাহ দিতে গত মাসেই এমন উদ্যোগের কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরেই ওই হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন প্রায় ১৫০ জন দম্পতি।
 
এই হাসপাতালে সাধারণ প্রসবের খরচ সাত হাজার রুপি। সি-সেকশন ডেলিভারির ক্ষেত্রে খরচ ২০ হাজার রুপি। এখন থেকে সেখানে কন্যাসন্তান জন্ম নিলে পুরো খরচটাই মেটাবে হাপাতাল।
 
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মহাদেব লোহানা জানান, 'বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি প্রসূতিরা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই প্রার্থনা করেন, যেন পুত্রসন্তান হয়! ছেলের জন্ম হলে হাসপাতালে মিষ্টি বিতরণ করতেও দেখেছি। কিন্তু, মেয়ে হলে মুখে হাসি ফোটে না যেন! তাই আমরা ঠিক করেছি যখনই কোনো মেয়ের জন্ম হবে, হাসপাতালের ট্রাস্টের তরফে তা উদযাপন করা হবে।'- আনন্দবাজার পত্রিকা