মৃত্যুদণ্ড চালু করলে তুরস্কের জন্য ইইউর পথ বন্ধ হয়ে যাবে

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:৩৮
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইইউতে যোগদানের জন্য তুরস্কের পথ বন্ধ হয়ে যাবে যদি সেখানে মৃত্যুদণ্ড আবার চালু করা হয়। ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে আইন পাশ করার কথা ভাবছে তুরস্ক সরকার। ইইউ’র সদস্যপদ পেতে ২০০৪ সালে দেশটিতে মৃত্যুদণ্ড বাতিল করে দেওয়া হয়েছিল।
 
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, তুরস্কের ইইউতে আসার ব্যাপারে এখন যেভাবে আলোচনা হচ্ছে সে আলোচনা চালিয়ে যেতে গেলে কিংবা সদস্যপদ প্রাপ্তিতে তাদেরকে নতুন করে মৃত্যুদণ্ড চালু করা বন্ধ করতে হবে। তিনি বলেন, এটা যদি পাস হয়েও যায় তাহলে তা কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
 
সেন্ট লরেন্স ইউনিভার্সিটির হাওয়ার্ড আইসেনস্টেট বলেন, এরদোগানকে এই মুহূর্তে ইইউতে যেতে তেমন আগ্রহ আছে বলে মনে হয় না। তবে মৃত্যুদণ্ড পুনর্বহাল করতে গেলে তাকে একাই কাজ করতে হবে। উল্লেখ্য গত শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে রাস্তায় নেমেছিল। তবে সেনাবাহিনীর বড় অংশের সমর্থন না পাওয়ায় তাদের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়ে যায়।- আল জাজিরা