জঙ্গিদের জামিন নিয়ে বেরিয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ার তথ্য প্রকাশের প্রেক্ষাপটে এসব মামলার আসামিদের জামিন আটকাতে একটি সেল গঠনের পক্ষে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মতামত জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটা কো-অর্ডিনেশন সেল থাকা দরকার। শুধু তাদের (জঙ্গি) ব্যাপারে পর্যালোচনা করার জন্য। সেই সেলকে অফিসে বসে থাকলে হবে না, তাদের অনবরত যোগাযোগ করতে হবে পাবলিক প্রসিকিউটর অফিসের সাথে, আমাদের সাথে অর্থাত্ অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে।’ জঙ্গি অভিযোগে গ্রেপ্তার সবার তথ্য ডেটা ব্যাংকের মতো কিছু করে সংরক্ষণের পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, ‘একেবারে কম্পিউটারে তাদের নাম থাকা উচিত্। প্রত্যেকটি জেলায় যারা পিপি আছেন, তারা যাতে কম্পিউটারে বোতাম টিপলেই সেসব নাম পান। আমার অফিসেও এরকম থাকা উচিত্, যাতে বোতাম টিপলেই কোন জেলায় সন্ত্রাসের মামলায় কে কে আছে এবং তাদের জামিন কখন হয়েছে বা তাদের জামিন আবেদন কখন করা হয়েছে।’
