যশোরে আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডদেশপ্রাপ্তরা হলেন- যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকের মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পর দিন ডা. শফিকের বাবা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
