তোরজোড় শুরু হয়েছে 'দাবাং ৩'-এর নির্মাণ নিয়ে। এর মধ্যে শোনা যাচ্ছে, এতে ‘দাবাং’-এর আদরের রাজ্জোর ভূমিকায় দেখা যাবে না সোনাক্ষী সিনহাকে। ‘দাবাং ৩’-এর মুখ্য চরিত্রে সম্ভবত বাদ পড়তে চলেছেন তিনি। তাঁর পরিবর্তে সালমানের বিপরীতে দেখা যাবে বলিউডের অন্য এক ‘বাবলি গার্ল’ পরিণীতি চোপড়াকে।
অভিনেত্রী হিসেবে তাকে বরাবরই পছন্দ করেন বলিপাড়ার ভাইজান সালমান। শোনা গিয়েছিল, ‘সুলতান’-এর জন্য ‘আরফা’ চরিত্রে সল্লুর প্রথম পছন্দ ছিলেন পরিণীতাই। কিন্তু সময় দিতে না পারায় সালমানের বিপরীতে আনুশকাকেই দেখা গিয়েছিল সালমানের সদ্য মুক্তি পাওয়া ছবিতে।
কিন্তু নিজের পরবর্তী প্রজেক্টে তাকেই চান সালমান। কানাঘুষো শোনা যাচ্ছে, এই বিষয়ে পরিণীতির সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা সেরে ফেলেছেন সালমান এবং পরিচালক আরবাজ খান।
কিন্তু কেবল পরিণীতার কাজ পছন্দ বলেই সোনাক্ষীকে ‘দাবাং’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন সালমান? নিন্দুকরা কিন্তু বলছে অন্য কথা। গত কয়েকদিন ধরেই নাকি সোনাক্ষীর সঙ্গে ভাইজানের সম্পর্ক ঠিক নেই। আর সেজন্যই নাকি ছবি থেকে সোনাক্ষীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
