ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জিয়াউর রহমান জিয়া এই দিন ধার্য করেন। একই সঙ্গে তিন আসামির মামলার দায় থেকে অব্যাহতির আবেদন নাকোচ করে দেয়া হয়েছে।
এই মামলা আসামিরা হলেন-জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আবদুল্লাহ। এর মধ্যে জুনায়েদ ও হাসিব পলাতক রয়েছেন।
গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীতে বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ব্লগার ওয়াসিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করে।
এ ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
