কালাইয়ে কলেজ ছাত্র ও স্কুল শিক্ষক নিখোঁজ

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৩৩
জয়পুরহাটের কালাই উপজেলায় অপু নামে ২১ বছর বয়সী এক কলেজ ছাত্র পরীক্ষা দেয়ার নাম করে ১০ মাস ধরে এবং লেবু মাস্টার নামে এক স্কুলশিক্ষক পাঁচ বছর ধরে নিখোঁজ রয়েছে।
 
তবে নিখোঁজের দুদিনের মাথায় অপুর বাবা ছেলের ছবিসহ থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু লেবু মাস্টারের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অপুর বিষয়ে বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের সকল থানায় তার নিখোঁজ হওয়ার বিষয় জানানো হয়েছে। কিন্তু আজো তাদের কোনো খোঁজ বা সন্ধান পাওয়া যায়নি।
 
পরিবারের লোকজন ও গ্রামবাসীর ধারণা, নিখোঁজ অপু ও লেবু মাস্টারের পরিবারের লোকজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। হতে পারে তারা অবৈধ জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জড়িয়ে থাকতে পারে।
 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বিশ্বজিৎ বলেন, ‘অপুর বাড়িতে গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং প্রতিনিয়ত ওই পরিবারের সদস্যদের গতিবিধির উপর পুলিশ বিশেষ নজরদারি রাখছে। তবে ফেরদৌস আলম লেবু মাস্টারের বিষয়ে কোনো তথ্য জানা নেই।’