ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না : ধর্মমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:৪৬
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, যারা বেহেস্তে যাওয়ার লোভে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার মিথ্যা চেষ্টা করছে তা কখনই ইসলাম সমর্থন করে না। কারণ শান্তির ধর্ম ইসলামে কোথাও জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের উল্লেখ নেই।
 
বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।
 
সভায় ইসলাম ও জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক শাহ মো. ওয়ালীউল্লাহ। আলোচনা সভার পূর্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি জঙ্গিবাদবিরোধী র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।