বিদ্যালয়গুলোর মনিটরিং কার্যক্রম জোরদারে সুপারিশ

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:০০
প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন ও বিদ্যালয়গুলোর নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম জোরদারে সুপারিশ গ্রহণ করা হয়।
 
জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়া প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদের সংখ্যা বাড়ানোর বিষয়েও জোরালো সুপারিশ করে।
 
বৈঠকে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়া এবং অবকাঠামোগত অবস্থা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে চালু করা সংক্রান্ত কথাও আলোচনা হয়।
 
বৈঠকে প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) বিহীন ১২টি জেলা সদরে প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন কার্যক্রম দ্রুতগতিতে সম্পাদন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রকৌশল অধিদপ্তর স্থাপন করার বিষয়েও সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল অংশগ্রহণ করেন। 
 
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।