পগবার ম্যানইউর প্রত্যাবর্তনের মূল্য ১০০ মিলিয়ন ইউরো

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:১০
জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে ফিরে পেতে ১০০ মিলিয়ন ইউরো বাজেট করেছে তার সাবেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ব্রিটেনের গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। ২০১২ সালে বলতে গেলে কোন কারণ ছাড়াই ইউনাইটেড ছেড়ে গিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ফুটবল তারকা। 
 
ক্লাবের প্রতি কোন সম্মানবোধ নেই বলে তৎকালীন কোচ অ্যালেক্স ফার্গুসন তাকে ক্লাব থেকে ছেঁটে ফেলেছিলেন। এখন সেই পগবাই ম্যানইউর আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলতে গেলে তার অসাধারণ নৈপুণ্যে ভর করে সদ্য সমাপ্ত ইউরো ২০১৬-এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছির স্বাগতিক ফ্রান্স। যদিও ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিক ফ্রান্স। 
 
তবে ইউনাইটেডের ফার্গুসন পরবর্তী যুগে এই পগবাকে ফিরে পেতেই রাশি রাশি টাকা ব্যয়ের উদ্যোগ নেয়া হয়েছে। কারণ জাতীয় দলের বাইরে ইতালীয় ঘরোয়া লিগেও নিজ দল জুভেন্টাসকে শাসকের আসনে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আগামী মৌসুমে তাকে দলে ভেড়ানোর জন্য নতুন কোচ হোসে মরিনহো এই অর্থ ব্যয়ের উদ্যোগ নিয়েছেন।  ইউনাইটেড যে উদ্যোগ নিয়েছে তাতে ক্লাবের সিনিয়র খেলোয়াড়রা অনেকটাই নিশ্চিত যে পগবা তাদের ক্লাবে যোগ দিচ্ছেন। ডেইলি মিরর বলেছে, এই প্লেমেকারকে দলে ফেরানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউনাইটেড। যার বিনিময় মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। 
 
অবশ্য কিছুটা ভিন্ন স্টাইলে রিপোর্ট ছাপিয়েছে ডেইলি স্টার। তাদের দাবি শুরুতে পগবার জন্য ৮৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে ইউনাইটেড। তবে নতুন করে তার জন্য প্রস্তাব পাঠাতে চীন সফর বাতিল করে ইংল্যান্ডেই অবস্থান করছেন ক্লাবটির নির্বাহী ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড। মৌসুম পূর্ব প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বর্তমানে চীন সফরে রয়েছে ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়রা। সেখানে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও জার্মান হেভিওয়েট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ খেলবে রেড ডেভিলসরা। এএফপি।