যুক্তরাজ্য ইইউতে না থাকলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:১১
 
 
নাইরোবিতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের ডেলিগেশন প্রধান মেথিউস বলেছেন, যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। বিগত দিনের মতো বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য স্বাভাবিক থাকবে।
 
গত সোমবার নাইরোবিতে ১৪তম আংকটাড কনফারেন্সে যোগদানরত যুক্তরাজ্যের ডেলিগেশন প্রধান মেথিউসের নেতৃত্বে প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। কেনিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় দেশের বাণিজ্য এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
যুক্তরাজ্যের ডেলিগেশন প্রধান মেথিউস বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাজ্যের প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে। ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে আসার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের পরবর্তী দুই বছর সকল বিষয় পূর্বের মতো অব্যাহত থাকবে। এরপরও যুক্তরাজ্য সরকারের নীতির কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নেই।
 
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের তৈরী পোশাকের তৃতীয় বৃহত্তম বাজার। যুক্তরাষ্ট্র এবং র্জামানির পরেই বাংলাদেশ যুক্তরাজ্যে তৈরী পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে আসছে।
 
গত বছর বাংলাদেশ যুক্তরাজ্যে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের তৈরী পোশাক রপ্তানি করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি বেড়েই চলছে। ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশকে অস্ত্র ছাড়া সকলপণ্য যুক্তরাজ্যে রপ্তানির সুযোগ দিয়েছে এবং ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিয়েছে। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য এ সুবিধা অব্যাহত থাকা প্রয়োজন।