পুঁজিবাজারে প্রথম দিনের লেনদেনে প্রায় ১৩৫ শতাংশ বেড়েছিল ইভিন্স টেক্সটাইলের শেয়ার দর। প্রিমিয়ামবিহীন ১০ টাকা দরে মূলধন সংগ্রহ করা ইভিন্স টেক্সটাইলের শেয়ারের দাম গত রবিবার ১৩ দশমিক ৫ টাকা বেড়ে হয় ২৩ দশমিক ৫ টাকা। এরপর শুরু হয় দরপতন। গত তিনদিন টানা দরপতন হয়েছে এ কোম্পানির শেয়ারের। এমনকি তিনদিনই কোম্পানিটি ছিল দর হারানো কোম্পানিগুলোর শীর্ষে।
বুধবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ১৭ দশমিক ৯ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৭ দশমিক ৭ টাকায় ও সর্বোচ্চ ১৯ দশমিক ৫ টাকায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ২৫ শতাংশ কমে লুজারের শীর্ষ স্থানে রয়েছে। এর আগে মঙ্গলবার শেয়ারদর কমেছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। সোমবার কমেছিল ৯ দশমিক ৩৬ শতাংশ।
