'শিক্ষার্থীদের চলাফেরার প্রতি লক্ষ্য রাখতে হবে'

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৩৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চলাফেরা ও আচার-আচরণের প্রতি লক্ষ্য রাখার জন্য শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
বুধবার মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ২ টি নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ হানজালা প্রমুখ বক্তব্য রাখেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, 'সমাজে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বিভাগকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 
তিনি বলেন, 'কারো সন্তান নিখোঁজ হলে থানায় জিডি করে সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ এ ধরণের নিখোঁজ ব্যক্তির সন্ধান লাভে সর্বাত্মক চেষ্টা চালাবে।'
 
শিক্ষামন্ত্রী বলেন, 'স্বার্থান্বেষী কুচক্রী মহল নিজেদের হীন উদ্দেশ্য হাসিলের জন্য শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত ও বিপথগামী করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।'
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী গতিশীল নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে তখনি স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসররা দেশের অগ্রগতি ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।' এ অপশক্তিকে প্রতিরোধ করতে শিক্ষামন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানান।
 
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ৫৫ হাজার শিক্ষার্থী নিয়ে দেশের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ২৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে একাডেমিক কাম এক্সামিনেশন হল ভবন, বিজ্ঞান ভবন, ২ টি হোস্টেল এবং কম্পিউটার ল্যাব নির্মাণ। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী একাডেমিক কাম এক্সামিনেশন হল ভবন ও বিজ্ঞান ভবন এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।