সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত এক সঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৩৮
সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
বুধবার সচিবালয়ে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
 
ইনু বলেন, সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, সন্ত্রাসবাদ উপমহাদেশের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা। তাই সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য দিল্লি এবং ঢাকার ঘনিষ্ঠ সহযোগিতা দরকার।
 
বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে ভারতের তাদের কোনো পর্যবেক্ষণ জানিয়েছে কি না- সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, কোনো পর্যবেক্ষণের ব্যাপার না। সন্ত্রাসবাদ বিশ্বের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা, বাংলাদেশের সমস্যা, ভারতের সমস্যা। এই সমস্যা বাংলাদেশ-ভারত যৌথভাবে মোকাবেলা করব।
 
সন্ত্রাস দমনে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে বা হচ্ছে- জানতে চাইলে ইনু বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বহু রকমের চুক্তি আছে। তথ্যের আদান-প্রদানটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।”
 
ভারতের রাষ্ট্রদূত শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘আমি মন্ত্রীকে বলেছি সন্ত্রাসের বিরুদ্ধে ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে।’