অর্থপাচারের দুটি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। আদালতে রফিকুল আমিনের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার আইনে কলাবাগান থানার দুটি মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে রফিকুল আমিন কারাগারে রয়েছেন। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুই মামলা করেন। মামলা দুটিতে মোট সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগ আনা হয়েছে।
