বগুড়ায় আদালতে হাজিরা দিতে এসে এজলাসে না উঠে আদালত থেকে কৌশলে পালিয়ে গেলেন গাবতলী উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ মিলটন।
বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালত এলাকা থেকে তিনি পালিয়ে যান। ফলে আদালতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।
আদালত সূত্র জানায়, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় অভিযুক্ত গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটনসহ ১৫-১৬ জন আসামি বুধবার দুপুরে জামিন আবেদন দাখিলের জন্য আদালতে আসেন। তাদের আইনজীবী আদালতে জামিন প্রার্থনা করে পিটিশন দাখিল করেন। কিন্তু দুপুর আড়াইটার দিকে মামলার শুনানিকালে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আ.ম.স আবু সাঈদ উচ্চ আদালত থেকে এর আগে জামিনপ্রাপ্ত পাঁচজনের জামিন পনরায় মঞ্জুর করেন । মিলটনসহ বাকি সকলের জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামির কাঠগড়াতে না উঠে আদালত থেকে কৌশলে সটকে পড়েন মিলটন।
নিয়মানুযায়ী হাজিরা দেয়ার সময় আসামিরা কাঠগড়ায় উঠার কথা থাকলেও এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাদের প্রতি নজর রাখার বিধান থাকলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা তা করেনি।
এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক শাহজাহান আলী বলেন, ওই মামলায় আসামিরা গড় হাজির ছিলেন । তারা আদালতে আসলেও হাজিরা দেননি। এ ব্যাপারে পুলিশ সদস্যদের কোন গাফিলতি নেই।
