'জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে'

আপডেট : ২০ জুলাই ২০১৬, ২২:১৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন ও সক্রিয় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
 
তিনি বুধবার নগরীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবাদ বিরোধী এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ গুরুত্বারোপ করেন।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'বর্তমান সরকারকে হেয়-প্রতিপন্ন করতেই গুলশান ও শোলাকিয়ায় এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আর এ সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।'
 
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রকৌশলী মোঃ নুরুজ্জামান।
 
ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করা যাবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'সন্তান যাতে বিপথগামী হতে না পারে সেজন্য সচেতনতা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করা জরুরি।'
 
তিনি বলেন, 'বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে একটি চক্র কাজ করছে।' সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উৎপাটনে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি প্রকৌশলীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।