ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ট্রাক-মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেল যোগাযোগ বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। ৭ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলা শুরু করে। ঢাকা থেকে চট্টগ্রামগামী গোধুলি ট্রেনটি বৃহস্পতিবার সকাল ১০টার পর ফেনী ক্রস করে।
ফেনী রেলস্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিকল এক ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।
প্রকৌশলী শাহ আলম জানান, এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনার পর ফেনীর মোহাম্মদ আলী এলাকা থেকে মহিফাল পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরে বিকল্প সড়কে যান চলাচল শুরু করে।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে এসে বিকল হয়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন ট্রাকটিকে জোরে ধাক্কা দিলে ইঞ্জিন উল্টে যায়। ফলে রেলপথ আটকে চট্টগ্রামের সঙ্গে রাজধানীসহ সারা দেশের ট্রেন চলাচলের পথ বন্ধ হয়ে যায়।
পরে ফেনী থেকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে মালবাহী ট্রেনটির ক্যারেজগুলো টেনে ফেনী রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়।
