আগে আত্মসমর্পণ, পরে আপিল: দুদকের আইনজীবী

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৪:৪৬
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাইকোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে। বিচারিক আদালতে আত্মসমর্পণের পরই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন। এটাই আইনের বিধান। কারণ পলাতক ব্যক্তির আপিলের সুযোগ নেই। 
 
বৃহস্পতিবার অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। 
 
তারা বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
 
এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, এদেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। আদালত যে রায় দেবে তা সকলকেই মানতে হবে। তারেক রহমানকে আপিল করতে হলে তাকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর কারাগার থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।