গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সন্ত্রাসী জুয়েল ওরফে বাঘা জুয়েল (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সলিমগঞ্জ (পায়রাকান্দি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাত দেড়টার দিকে তিস্তার গেট এলাকাধীন মরকুন রেললাইন এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে জুয়েল দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়লেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আত্মরক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে গেলে এসআই সুমন ভক্ত ও এএসআই বিপ্লব হাতে আঘাত পান। বাঘা জুয়েলকে পুলিশ হেফাজতে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব ট্রমা অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জুয়েলের বিরুদ্ধে অস্ত্র, খুন ও নারী নির্যাতনসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
