বগুড়ার শিবগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে বাদল হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এঘটনায় আরো দুইজন ছুরিকাহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নিহতের মামাতো ভাই রায়হানকে (৩০) তার স্ত্রী ময়না খাতুনসহ (২৫) গ্রেফতার করেছে। বুধবার রাতে শিবগঞ্জ পৌরসভার পুর্ব জাহাঙ্গীরাবাদ (কাজিটোলা) মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন (২৮) ওই গ্রামের মৃত আসেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানার কাছে পায়ে হাঁটা রাস্তা নিয়ে বাদলের সঙ্গে তার মামাতো ভাই রায়হান আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাত ১০টার দিকে দু’জনে বিরোধে জড়িয়ে পড়ে। এসময় রায়হান উত্তেজিত হয়ে বাদলকে উপুর্যপরী ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে গেলে রায়হানের ছুরিকাঘাতে বাদলের ছোট ভাই বুলবুল (২০) ও চাচা বেলাল (২৫) আহত হয়। পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় বাদল মারা যায়।
উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অপর দুইজনকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর রাতেই পুলিশ রায়হান (৩০) ও তার স্ত্রী ময়না খাতুনকে (২৫) গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে রায়হানের ছুরিকাঘাতে বাদল খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
