জঙ্গিবাদে জড়িত অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৬:২৭
নওগাঁর বদলগাছীতে জঙ্গিবাদে জড়িত অভিযোগে জামায়াত ও শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
বৃহস্পতিবার ভোরে উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, সরকারবিরোধী লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মত্থরাপুর ইউনিয়নের জামায়াত ইসলামের সভাপতি জামাল উদ্দীন (৫৮) ও তার ছেলে বদলগাছি থানার ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম (২২)।
 
র‌্যাব-৫, রাজশাহীর জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানজানান,  বুধবার গভীর রাতে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বৈঠক করছিল জামায়াত ও শিবিরের ক্যাডাররা। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে জামাল উদ্দীন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১টি জিহাদি বই, সরকারবিরোধী বিভিন্ন প্রকার ২০ লিফলেট ও চাঁদা আদায়ের ৩টি রশিদ বই উদ্ধার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।