ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার ও ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। মঙ্গলবার এন্টিগাতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে স্যামুয়েলসের অপরাজিত ৮৫ রানে ভর করে দ্বিতীয়বারের মত শিরোপা লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের টেস্ট রেকর্ড খুব একটা ভাল না হলেও গত বছর এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।
ওয়ানডেতেও নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরিসংখ্যানই তার প্রমাণ।
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্ট শুরু করা ক্রিস গেইল বর্ষসেরা টি২০ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ড্যারেন ব্র্যাভো। আর তার ভাই ডোয়াইন ব্র্যাভো মনোনীত হয়েছেন বর্ষসেরা ক্যারিবীয়ান টি২০ খেলোয়াড়।
টি২০ নারী বিশ্বকাপে বিজয়ী দলের নেতৃত্বে থাকা স্টিফেনি টেইলর বর্ষসেরা টি২০ ও ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এদিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ী দলের অধিনায়ক শিমরন হেটমায়ার বর্ষসেরা অনুর্ধ্ব-১৯ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত বছর শ্রীলংকার বিপক্ষে অভিষেকেই ৬ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার হোমের ওয়ারিকান বর্ষসেরা উঠতি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের জন্য জেসন মোহাম্মদ ও ভিরাসামি পারমলকেও পুরস্কার দেয়া হয়েছে। তাদেরকে যথাক্রমে পিসিএল ৫০ ওভার ও পিসিএল চারদিনের ম্যাচে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দেয়া হয়।
