দেশের পুরাতন মেডিকেল কলেজ হাসপাতালসমূহ বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক স্থাপত্য শৈলিতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করার পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহষ্পতিবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। একনেক বৈঠকে ৭ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
পরিকল্পণামন্ত্রী জানান, উত্পাদন বহুমুখীকরণের মাধ্যমে ঠাকুরগাঁও চিনিকলকে লাভজনক করার লক্ষ্যে চিনিকলের সাথে কো-জেনারেশন, সুগার রিফাইনারি, ডিস্টিলারি, বায়োগ্যাস প্ল্যান্ট এবং বায়োকম্পোষ্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ঠাকুরগাঁও চিনিকলের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং সুগার বিট থেকে চিনি উত্পাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন’ শীর্ষক প্রকল্পটির ব্যায় চারগুণ বৃদ্ধি করে ১ম সংশোধনী অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের মূল ব্যয় ছিলো ১০১ কোটি ৫৪ লাখ টাকা। আজ ৪১১ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে, পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে চিনিকলের আধুনিকায়ন ও সুষমকরণ, চিনিকলের আখ মাড়াই ও চিনি উত্পাদন ক্ষমতা কাঙ্খিত পর্যায়ে বহাল রাখা, সুগার রিফাইনারি স্থাপন করে ‘র’ সুগার থেকে হোয়াইট সুগার উত্পাদন করা, সুগার বিট থেকে পরীক্ষামূলকভাবে চিনি উত্পাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করা, ডিস্টিলারি স্থাপনপূর্বক মোলাসেস হতে বিভিন্ন প্রকার এলকোহল উত্পাদন করা এবং কো-জেনারেশন পদ্ধতিতে ৬ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করে মিলের নিজস্ব প্রয়োজনে ৩ মেগাওাট বিদ্যুত্ ব্যবহার করে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
পরিকল্পণামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আখের পরিবর্তে সুগার বিট চাষে সংশ্লিষ্টদের উত্সাহিত করা এবং উত্পাদিত সুগার বিট সংগ্রহের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছেন। মন্ত্রী জানান, বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ণের জন্য সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সাগর উপকূল-নদী তীর এবং অন্যান্য জলাশয়ের তীরবর্তী কত উচ্চতা সম্পন্ন বাঁধ হবে সে বিষয়ে নীতিমালা থাকলে সম্পদের অপচয় রোধ করা সম্ভব হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তারাইল-পাঁচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্প (২য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প উপস্থাপনের পর আলোচনাকালে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রকল্পটি ২৮১ কোটি ৪৫ লাখ টাকা থেকে ব্যয় বাড়িয়ে ৩২২ কোটি টাকায় অনুমোদন দেয়া হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর নিম্ন আয়ের মানুষদের মধ্যে নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্মানাধীণ পানি শোধনাগার সমূহের নির্মাণ কাজ দ্রুতগতিতে শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল ৬০ কোটি টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পের ফ্রেমওয়ার্কের আওতায় ঢাকা মহানগরীর নিম্ন আয়ের মানুষদের এলাকার ঢাকা ওয়াসা কর্তৃক পানি সরবরাহ সেবার মান উন্নয়ন এবং ঢাকা ওয়াসার ফাইনান্সিয়াল মডেলিং ও কারিগরী সক্ষমতার উন্নয়ন শীর্ষক প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, ৪ হাজার ৫৬৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রীড স্ট্রেনদেনিং প্রকল্প, এতে জাইকা অর্থায়ন করবে ২ হাজার ৭৬৭ কোটি ৫৬ লাখ টাকা। ১ হাজার ৯০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার (২) (পিজিসিবি অংশঃ “মাতারবাড়ী-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন”) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পে জাইকা অর্থায়ন করবে ৭৮৭ কোটি টাকা। এছাড়া ৭৯৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন’ [কম্পোনেন্ট-২: দেশের ৭টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ] শীর্ষক প্রকল্প, ৩৫২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প এবং ২৬৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন হতে রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত সোনাইকান্দি হতে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
