গনজালো হিগুয়েনের জন্য ৬ কোটি ইউরোর সঙ্গে দুই বা তিনজন খেলোয়াড় দেওয়ার আতলেতিকো মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নাপোলি। গত মৌসুমে সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হিগুয়াইনকে পেতে আতলেতিকো, জুভেন্টাস আর আর্সেনাল আগ্রহী বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
তবে নাপোলির সভাপতি আউরেলিও দে লরেন্তিস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে তারা বিক্রি করবেন না।
নাপোলির সঙ্গে হিগুয়েনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি আছে। তার ভাই ও এজেন্ট নিকোলাস গত মাসে বলেছিলেন, ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড হয়ত চুক্তি নবায়ন করবেন না। তবে লরেন্তিসের বিশ্বাস, সিরিআতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (৩৬) রেকর্ড গড়া এই ফরোয়ার্ড নাপোলিতেই থাকবেন।
নাপোলির চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসে হিগুয়েন কোনোভাবেই যেতে পারেন না বলে মনে করেন লরেন্তিস। তিনি বলেন, ‘আমি একমাত্র যে প্রস্তাবটি পেয়েছি তা এক মাস আগে আতলেতিকোর সভাপতির (এনরিকে সেরেসো) কাছ থেকে এবং আমি তাকে বলেছি আমরা এটা করতে পারব না। তিনি আমাকে ৬ কোটি ইউরোর সঙ্গে দুই বা তিনজন খেলোয়াড় দিতে চেয়েছিলেন এবং আমি না বলে দিয়েছি।’
