পাঁচবিবি রেলস্টেশনের ছাউনি সংস্কার না করায় যাত্রীদের দুর্ভোগ

আপডেট : ২২ জুলাই ২০১৬, ০২:০৮
পাঁচবিবি রেলস্টেশনের যাত্রী ছাউনি সংস্কার না করায় বর্ষা মৌসুমে বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। ৮০’র দশকে নির্মিত ৭৫ ফিটের পুরাতন ছাউনিটি মরিচা পড়ে নষ্ট হওয়ায় বৃষ্টির পানি পড়ে। স্টেশনে কাদা হওয়ায় যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকে না। নিয়মিত পরিষ্কার না করায় পুরো স্টেশন যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
 
স্টেশনের ওপর দিয়ে অবাধে বাইসাইকেল ও মোটরসাইকেল চলে। ঢাকা ও রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ থাকায় এই স্টেশনে পূর্বের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছে। রাজস্ব আয়ও বেড়েছে কয়েকগুণ। কিন্তু সেই তুলনায় যাত্রী সেবার মান বাড়েনি। কিছুদিন পূর্বে যাত্রীদের সুবিধার জন্য ৭৫ ফিটের নতুন ছাউনি নির্মাণ করা হয়। বৃষ্টির দিনে নতুন ছাউনির ভিতর যাত্রীদের সংকুলান হয় না। ফলে বৃষ্টি শুরু হলে যাত্রীরা আশ্রয়ের জন্য এদিক ওদিক ছুটাছুটি করেন। পুরাতন ছাউনির নিচে পানি পড়ে কাদা সৃষ্টি হওয়ায় অনেক সময় যাত্রীরা পিচলে পড়ে ও তাদের পরিধেয় কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি হলেও সমাধানের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
স্টেশন মাস্টার সন্তোষ কুমার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।