'বিরক্তিকর' বলে নিজের বায়োপিকে সালমানের 'না'

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১০:৫২
বর্তমানে বলিউডে দেদারচে তৈরি হচ্ছে বায়োপিক। এমন ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন সালমান খানও। তা স্বত্বেও নিজের জীবন নিয়ে ছবি তৈরির অনুমতি দেবেন না বলে ঘোষণা দিয়েছেন 'ভাইজান'!
 
ভালো এবং মন্দ, দু'ধরনের কাজে নাম জড়িয়েছে সালমানের। একের পর এক বিতর্কে জড়িয়েছে তার নাম‚ কিন্তু তাও তিনি মনে করেন তার জীবন এতটাই বিরক্তিকর যে, এর ওপর ভিত্তি করে কখনো বায়োপিক তৈরি হতে পারে না।
 
এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'দেখো, আমার জীবন খুব বিরক্তিকর। এতটাই বিরক্তিকর যে, এর থেকে কোনদিন কোনো বায়োপিক তৈরি হবে না।'
 
তিনি আরও জানান, 'আমার বায়োপিক তৈরি হলে সেই ছবিতে বহু লোককে মরতে হবে। আমি কোনদিন কাউকে আমার বায়োপিক বানানোর অনুমতি দেবো না।'
 
এখানেই শেষ নয়, সালমানের দাবি, 'আসলে আমার ব্যাপারে কেউ পুরোটা জানে না। আমার পরিবারের কেউও না। আর আমি মনে করি, আমার চরিত্রে অভিনয় করার মতো কোন নায়কই নেই বলিউডে।'
 
পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয় দত্তের বায়োপিক বানাচ্ছেন। এই ব্যাপারে কথা বলতে গিয়ে সল্লু ভাই জানান, 'সঞ্জয় দত্তের বায়োপিক আমাকে ছাড়া কোনদিনও সম্পূর্ণ হবে না।'